দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতে পাচারের শিকার হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ছয় বাংলাদেশি নারী দেশে ফিরেছেন।
বুধবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।
হস্তান্তর প্রক্রিয়ায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ, ইমিগ্রেশন পুলিশ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভারত সরকারের ব্যুরো অব ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, হায়দ্রাবাদের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) কর্তৃক জারি করা ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ ও ‘এক্সিট পারমিট’-এর আওতায় তাদের দেশে ফেরত পাঠানো হয়।
ফিরে আসা নারীরা চাঁদপুর, যশোর, ঢাকা, শরীয়তপুর, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। তাদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে।
ইমিগ্রেশন ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দালালচক্রের প্রলোভনে পড়ে তারা বিভিন্ন সময়ে ভারতে পাচারের শিকার হন। পরে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে কারাভোগ করেন। সাজা শেষে তাদের সেল্টার হোমে রাখা হয়। পরবর্তীতে দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে প্রত্যাবাসনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোর্তজা জানান, আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাদের গ্রহণ করা হয়েছে। ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে পরবর্তী আইনি সহায়তার জন্য তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসা নারীদের পুনর্বাসনের লক্ষ্যে মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর জিম্মায় দেওয়া হয়েছে।
সংস্থাটির ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শিগগিরই তাদের নিজ নিজ পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রাথমিকভাবে তাদের যশোর হোমে রাখা হবে।
জে আই